দেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম স্থাপনের অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পাশাপাশি এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ই-জুডিশিয়ারি স্থাপনের নির্দেশনা চেয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেন।
বিচারকার্য দ্রুত সম্পাদন ও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর করাসহ সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫ এর (৩) অনুচ্ছেদের চেতনার সাথে বিদ্যমান বিচার ব্যবস্থা সাংর্ঘষিক উল্লেখ করে এ রিট দায়ের করা হয়।
সে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ১৯ জানুয়ারি দেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত সময়ের মধ্যে স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিবসহ মোট ৯ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিলো।