রাজধানীর গুলিস্তানে ২০১৯ সালে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার মিশুক খান মিজানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে, ২০১৯ সালের প্রথম দিকে রাজধানীর গুলিস্তান, মালিবাগ, ধানমন্ডিসহ চারটি স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে সে সময় বিবৃতি দেয়। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দেশীয় উগ্রপন্থীরাই ওই ঘটনা ঘটিয়েছে। এরপর একই বছরের ২৯ এপ্রিল গুলিস্তান পুলিশ বক্সের কাছে দায়িত্বরত পুলিশের ওপর বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরীসহ তিনজন আহত হন।
ওই ঘটনায় ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মিশুক খান মিজানসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এই মিশুক খানের তথ্যের ভিত্তিতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফরিদউদ্দিন রুমিকে ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
পরে ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মিশুক খান। তবে সে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।