মডার্নার টিকাসহ গ্রেফতার বিজয় কৃষ্ণের রিমান্ড শুনানি ২৩ আগস্ট

রাজধানীর দক্ষিণখানের ‘সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক থেকে মডার্নার উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুটি ভায়াল ও ভায়ালের কিছু খালি  প্যাকেটসহ গ্রেফতার ক্লিনিকের মালিক শ্রী বিজয় কৃষ্ণ তালুকদারের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এই দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন দক্ষিনখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিনখান থানার এসআই আব্দুল আজিজ আদালতে উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আদালত আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেন। পরে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের এজলাসে ওঠানো হলে আসামি বিজয় কৃষ্ণ সাংবাদিকদের বলেন, তার কাছে শুধু খালি প্যাকেট পেয়েছে। কেউ বলতে পারবে না যে, আমি টাকা নিয়েছি কারও কাছ থেকে। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর এই টিকাগুলো দেওয়া হয়েছে গত ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। এগুলোর খালি প্যাকেট ছিল ময়লার ডাস্টবিনে। কিন্তু তারা (পুলিশ) বুধবার এগুলো পেয়ে আমাকে এভাবে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। পুলিশ বলেছে যে, আমি টিকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করি। কিন্তু আমি কারও কাছ থেকে কোনও টাকা নেইনি।’

এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবাসংস্থা নামের ক্লিনিকে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করা হয়। এসময় মডার্নার ভ্যাকসিনের দুটি ভায়াল (প্রতি ভায়ালে ১০ ডোজ টিকা থাকে) উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে মডার্নার ভ্যাকসিনের খালি ভায়ালসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তার ফার্মেসিতে অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া হতো। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি। বিজয় কৃষ্ণ পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন দাবি করলেও এ বিষয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি।

পরে এই ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা করা হয়।