পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

মাদকের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে কয়েকদফায় রিমান্ডে নেওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়

আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালতকে বলেন, ‘ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের কোনও বিধানই তো নেই। এরপরও চিত্রনায়িকা পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমি আদালতের কাছে রিমান্ড বন্ধের জন্য স্বতঃপ্রণোদিত আদেশ প্রার্থনা করছি।’

জবাবে আদালত বলেন, ‘কোন মামলায় রিমান্ড চাচ্ছে বা চাচ্ছে না, তা খবর দেখে অনেক সময় বোঝা যায় না। মনে করেন, এক মামলায় আটক  করেছে, তারপর একাধিক মামলা হচ্ছে। একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কতবার রিমান্ড নিচ্ছে, কত দিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়।’

আদালত বলেন, ‘চাইলে এসব উল্লেখ করে নিয়মিত রিট করতে পারেন। এগুলোতে সুয়োমোটো রুল (স্বতঃপ্রণোদিত আদেশ) ইস্যু করা যায় না। যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন।’

প্রসঙ্গত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তৃতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ-সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বনানী থানায় করা এই মামলায় পরীমণিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি।

এর আগে গত ৪ আগস্ট মাদকদ্রব্য সহ পরীমণিকে গ্রেফতার করে র‍্যাব।