রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কালাম রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল কালামসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন— ফয়সালের গাড়িচালক নুর আলম ও ইব্রাহিম খলিল।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।
শুক্রবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে গুলশান থানার মাদকের মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশান ১ নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির ছয়তলায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় প্রায় ৩ শ’ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।