সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাত আসামি আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন আদালতে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (২৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন এবং তারা আদালতের কাছে বলেন, আমরা লিখিত বক্তব্য দেবো। এরপর আদালত তাদের লিখিত বক্তব্যের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
আদালতে যারা নির্দোষ দাবি করেছিলেন আসামিরা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা।
গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমেদের অবশিষ্ট জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরই মধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালত আজকের দিন ধার্য করেন।
মামলায় চার্জশিটভুক্ত ২১ জনের সাক্ষী শেষ হয়েছে। এর আগে গত বছরের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৪ এ বদলির আদেশ দেন।
২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। এর আগে ৪ ডিসেম্বর কমিশনের সভায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দেওয়া হয়।
মামলাটিতে নির্দোষ দাবি করা সাতজনই জামিনে আছেন। আর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক। মামলার এক আসামি মৃত হিসেবে প্রমাণ মেলায় চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন করে একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।