পরীমণির জামিনের বিষয়টি হাইকোর্টকে জানাবেন আইনজীবী

মাদকের মামলায় নিম্ন আদালতে চিত্রনায়িকা পরীমণির  জামিন পাওয়ার বিষয়টি বুধবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টকে জানানো হবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) পরীমণির অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার হাইকোর্টে পরীমণির জামিন বিষয়ে রুল শুনানির দিন ধার্য রয়েছে। আমরা কাল হাইকোর্টকে তার জামিন পাওয়ার বিষয়টি অবহিত করবো। তবে আজ নিম্ন আদালত থেকে পরীমণি জামিন পাওয়ায় হাইকোর্টের রুলটি ইনফ্রাকচ্যুয়াস (অনুপযুক্ত) হয়ে গেছে। তবুও যদি হাইকোর্ট মনে করেন, তাহলে আমরা রুলের ওপর শুনানি করবো। এরপর আদালত যেটি উপযুক্ত মনে করেন, সে বিষয়ে আদেশ দেবেন।’

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) এক জামিন আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত পরীমণি একজন নারী, অভিনেত্রী ও তার অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মূলত গত ২৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন শুনানির জন্য দীর্ঘদিনের ব্যবধানে (প্রায় ২০ দিন) দিন ধার্য করা নিম্ন আদালতের আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তার আইনজীবী রিভিশন আবেদন জানান। একইসঙ্গে ওই আবেদনে পরীমণির জামিন চাওয়া হয়।

সেই আবেদনের শুনানি নিয়ে গত ২৬ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির আদেশ দেন।

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে দীর্ঘদিন পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির বিষয়ে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চান আদালত। পাশাপাশি ১ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দিতে বলে এবং একই দিন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন  ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।