রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় অভিযানে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষনেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।
এদিন মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সেদিন মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ করে আসছেন। এই আসামি আত্মঘাতী কাজে জড়ানোর জন্য ও জিহাদের জন্য প্রচ্ছন্ন হুমকি প্রদান, ধর্মীয় উগ্রবাদী বই সংগঠনের সদস্যদের মধ্যে সরবরাহ করতো।
এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে র্যাব।