ইভানার মৃত্যু:  ইমপালস হাসপাতালের চিকিৎসকের জামিন

স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর  ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজধানীর ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুরের পাশাপাশি একইদিন তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

 
ওই চিকিৎসকের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম, তামান্না আফরিন ও মনিরা হক মনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরিবাগ থেকে ইভানার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ মামলা করেন ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী। ওই মামলায় ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও মুজিবুল হক মোল্লাকে আসামি করা হয়।
 
পরে ওই মামলায় জামিন চেয়ে ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা হাইকোর্টে আবেদন জানান।