রাজধানীর তুরাগ থানা এলাকায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। আইনপ্রয়োগকারী সংস্থাটি বলছে, এই দুই যুবক মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।
শুক্রবার (১ অক্টোবর) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. হাবিব।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তুরাগ থানার কামারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে এ তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে সিদ্দিকুর ও হাবিবকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের তুরাগ থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।