ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশাচালক আহত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহিন (২৫) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকাল দিবাগত রাতে তার ওপর এই হামলা হয়।

আহতের ভাই রায়হান জানান, শাহিন (২৫) রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের সামনে দিয়ে যাওয়ার সময় তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে কয়েকজন ছিনতাইকারী। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সুজনপুরে। রায়েরবাজার আজিজ খাঁ রোডের হারুণের বাড়িতে ভাড়া থাকেন তিনি।