পলাতক মনসুরকে গ্রেফতারে বিজ্ঞপ্তির নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় নোয়াখালী জেলার সুধারাম থানার পাঁচ আসামির মধ্যে পলাতক আবুল কালাম মনসুর ওরফে একেএম মনসুরকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। আসামিকে গ্রেফতারে অপারগতা দেখিয়ে ট্রাইব্যুনালে প্রসিকিউটর জাহিদ ইমাম পুলিশি প্রতিবেদন দাখিল করলে একটি ইংরেজি ও একটি বাংলা জাতীয় দৈনিকে আগামী ৩ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার এ নির্দেশ দেন আদালত।
এ মামলার পাঁচ আসামির মধ্যে বাকিরা আটক আছেন। অন্যান্য আসামিরা হলেন- আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস।
নোয়াখালীতে যুদ্ধাপরাধে অভিযুক্ত এই পাঁচ আসামির বিরুদ্ধে গত বছরের ১৬ নভেম্বর তদন্ত শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হয়। ওই দিনই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন তদন্ত কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে একাত্তরে নোয়াখালীর সুধারাম থানায় ১১১ জনকে গণহত্যাসহ তিনটি অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, একাত্তরের ১৫ জুন নোয়াখালীর সুধারামে ৪১ জনসহ শতাধিক ব্যক্তিকে হত্যা, গণহত্যায় নেতৃত্ব দেন এই পাঁচ আসামি। তাদের বিরুদ্ধে আনা তৃতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নয়জনকে হত্যায় নেতৃত্ব দেন আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর ও মো. ইউসুফ।

/ইউআই/এফএস/