মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নারী পোশাককর্মী আহত

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মী আহত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় নবদা বাজার চৌরাস্তা এলাকায় (নবোদয় হাউজিংয়ের পাশে) এ ঘটনা ঘটে। আহত নারী পোশাক কর্মীর নাম আয়শা সিদ্দিকা (২২)। আয়শা ঢাকা উদ্যান পার্ক এলাকা অবস্থিত চাইনিজ স্টোর নামক একটি পোশাক কারখানায় অপারেটর।

আহতের স্বামী ইলেকট্রিক মিস্ত্রী রুবেল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে কাজে যাচ্ছিলো আয়শা। পথে এক যুবক তার পেটে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ সময়ে তার চিৎকারে স্থানীয়রা যুবককে ধরে ফেলে। আহত অবস্থায় সকাল পৌনে ৮টায় চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়‌ আয়শাকে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত নারীকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।