স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি গায়েবের ঘটনায় ছয় জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (৩১ অক্টোবর) দুপুরের পর সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাদের। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এই তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে সন্দেহভাজন স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের ছয় কর্মচারী হলেন– মিনটু, জোসেফ, বাদল, বারী, ফয়সাল ও আয়েশা। তারা সবাই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। 

গত ২৮ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপ-সচিব নাদির হায়দার ১৭টি নথি গায়েব হওয়ার বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে সচিবালয়ের নিচতলার স্বাস্থ্য শিক্ষা বিভাগের একটি কক্ষ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার তথ্য তুলে ধরা হয়।

জিডি দায়েরের পরপরই সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও নথি সংরক্ষণ করে রাখা আলমারি থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে। শুক্র ও শনিবার মন্ত্রণালয় বন্ধ থাকায় আজ সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সন্দেহভাজন ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর আঙুলের ছাপ নিয়েছে।

সিআইডির একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, আলমারিতে থাকা আঙুলের ছাপের সঙ্গে সন্দেহভাজনদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে। এজন্য সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে।