বাংলাদেশের ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মেঘদলের সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন ইমরুল হাসান নামে এক আইনজীবী। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।
রবিবার (৩১ অক্টোবর) মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
মামলায় মেঘদলের ভোকাল শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন, গিটারিস্ট-ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামস আমজাদ হোসেন, কিবোর্ড তানভির দাউদ রনি, বাঁশি সৌরভ সরকারকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে ইমরুল হাসান জানান, গত ২৬ অক্টোবর তিনি বাসায় অবস্থানকালে ইউটিউবে ঢুকেন। বিভিন্ন ভিডিও দেখার সময় দেখতে পান মুসলিম সম্প্রদায়ের একটি দোয়া বা ইসলামি প্রার্থনা নিয়ে ইসলামে নিষিদ্ধ বাদ্য বাজনা তথা আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে বিকৃত সুরে গাওয়া হচ্ছে। এ গান তার ধর্মানুভূতিতে আঘাত হেনেছে।
ইমরুল হাসান জানান, তিনি মেঘদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় পরে তিনি কদমতলী থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন।