পীর সিন্ডিকেটের মামলা: সিআইডির প্রতিবেদনের ওপর হাইকোর্টের শুনানি চলবে

রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর সিন্ডিকেটের করা হয়রানিমূলক ৪৯ মামলার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ সংশোধন করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টে মামলাটির শুনানি হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৭ নভেম্বর)  আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ভুক্তভোগী কাঞ্চনের করা রিভিউ আবেদন নিষ্পত্তি করে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে কাঞ্চনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার প্রেক্ষাপটে একরামুল আহসান কাঞ্চন ন্যায়বিচার পেতে এবং এ ঘটনার পিছনে কারা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন। এরপর মামলাকারীদের কয়েকজন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

পরে আপিল বিভাগের আদেশটি পুনর্বিবেচনা চেয়ে একই আদালতে রিভিউ আবেদন জানানো হয় বলে জানিয়েছিলেন কাঞ্চনের অন্যতম আইনজীবী এমদাদুল হক বশির।