ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় বিচার শুরু

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাগুলোর বিচার শুরু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের ট্রাইব্যুনাল কাজলের বিরুদ্ধে পৃথক তিন মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। এ দিন সাংবাদিক কাজল আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

গত বছরের ৯ মার্চ কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে কাজলের বিরুদ্ধে আরও দু‌টি মামলা হয়। এই তিন মামলায় তদন্ত করে আদালতে কাজলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বর্তমানে এই তিনটি মামলায় সাংবাদিক কাজল জামিনে রয়েছেন।

গত বছরের ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত বছরের ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।