গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর আদাবরের একটি সড়কে প্রকাশ্যে গম গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছি। তার নাম আনোয়ার শহীদ (৭২)। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। প্রায় একযুগ আগে অবসরে যান।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আনোয়ার শহীদের বাসা মিরপুরের কল্যাণপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য শ্যামলীর বোনের বাসা থেকে বেরিয়েছিলেন। এ সময় হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।’

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি। গলির একটি বাসার সিসি ক্যামেরার ফুটেজ এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা করেছে।

হলিল্যান্ড গলির একটি বাসার নিরাপত্তাকর্মী মো. বাদশা মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটেছে। পথচারীদের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।

আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।