রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফারদিন ইফতেখার দিহানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন।
এ দিন আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন। মামলাটি প্রস্তুত হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ বদলির আদেশ দেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৮ নভেম্বর মামলাটির একমাত্র আসামি দিহানকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক খালেদ সাইফুল্লাহ।
এর আগে ৮ জানুয়ারি আসামি ফারদিন ইফতেখার দিহান আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ৭ জানুয়ারি রাতে এ ঘটনায় কলাবাগান থানায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারদিন ইফতেখার দিহান ৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে স্কুলছাত্রীকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর ৬৩/৪, লেক সার্কাস ডলফিন গলি, পান্থপথ, কলাবাগানের ফাঁকা বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের সময় প্রচুর রক্তক্ষরণে মেয়েটি অচেতন হয়ে পড়ে। তখন বিবাদী দিহান ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। সেখানে ভিকটিমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে যায়।
খবর পেয়ে মেয়েটির তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরও আটক করে। পরে চার জনকে কলাবাগান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ পরে স্কুলছাত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।