উত্তরায় সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর এলাকায় বেপরোয়া গতির লরির চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহদী হাসান লিমন নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে ইউসুফ আলী নামের ওই চালককে ​চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার উড়ির চর এলাকা থেকে গ্রেফতার করে বিমানবন্দর জোনাল টিম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়শার রিজভী কোরায়েশী এ তথ্য নিশ্চিত করেন।

রিজভী কোরায়েশী বলেন, গত  শনিবার (৪ ডিসেম্বর) রাত ১২টার পর বিমানবন্দর থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তায় একটি বেপরোয়া লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহদী হাসান লিমন নিহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন লরিটিকে আটক করে। চালক ও হেলপার ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় ওই দিনই মামলা করা হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ। পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।