অর্থপাচারের অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেনকে তলব করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি তাকে আদালতে সশরীরে হাজির হয়ে মামলার তদন্ত ১৮০ দিনেও শেষ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সাহেদের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত ৯ ডিসেম্বর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাহেদ।
২০২০ সালের ২৫ আগস্ট সাহেদ ও পারভেজের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন।
সিআইডি জানায়, সাহেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ৪৩টি ব্যাংক হিসাবে জমা ছিল ৯১ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে তিনি তুলে নেন ৯০ কোটি ৪৭ লাখ টাকা। ঋণের ৮০ লাখ টাকাসহ এই মুহূর্তে তার ব্যাংক হিসাবগুলোতে জমা আছে ২ কোটি ৪ লাখ টাকার মতো।