৪২ দিন ধরে নি‌খোঁজ মেহেদীর সন্ধান চায় পরিবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ফিশারি ব্যবসায়ী মেহেদী হাসান ডলারের (৩০) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার (১৮ ডিসেম্বর)  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ৪২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান ডলারের স্ত্রী  মুনতাহেনা পিংকি বলেন, আমার স্বামী গত ৬ নভেম্বর থেকে ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দা বটতলা এলাকায় নিজের ফিশারি প্রজেক্ট থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়।

তিনি জানান, প্রত্যক্ষদর্শী কয়েকটি সূত্র থেকে জানতে পারি, বিকাল ৫টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস এবং দুটি মোটরসাইকেল যোগে একদল লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ মেহেদী স্থানীয় বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন জানিয়ে মুনতাহেনা পিংকি বলেন, আমার স্বামী একজন সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি শারীরিক ও মানসিকভাবে একজন সুস্থ ব্যক্তি। লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসায় নিযুক্ত হন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাদীর আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বলেন, লোকাল র‍্যাব পুলিশ এ বিষয়ে কোনও সহযোগিতা করেনি। সে যদি কোনও দোষ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা।