রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় থাকতেন।
ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়।"
নিহতের লাশ থানায় রয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে, গত ২৪ নভেম্বর ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান এবং ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে একজন নিহত হন।
এসব ঘটনায় শিক্ষার্থীরা রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। তারা সরকারকে ১১ দফা প্রস্তাব দিয়েছে।