যৌতুক মামলায় বিমানবাহিনীর সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইন-আদালতবাংলাদেশ বিমানবাহিনীর সার্জেন্ট মো. আব্দুল হামিদ সরকারের (৪০) বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়ায় মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সালেহ উদ্দিন আহমেদ এই পরোয়ানা জারির আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলাটি দায়ের করেন আব্দুল হামিদের স্ত্রী স্বর্ণা মালিক পাখি। ওইদিনই ট্রাইব্যুনাল মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী বিচার বিভাগীয় তদন্তের বাদীসহ ৩ জনের জবানবন্দী গ্রহণ করেন।
তদন্তে আসামি আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে মর্মে গত ২১ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী। এই প্রতিবেদনের ভিত্তিতে ট্রাব্যুনাল আসামি হামিদ সরকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।  
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আসামির সঙ্গে স্বর্ণার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই আসামি ও তার পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বর্ণার ওপর  নির্যাতন শুরু করে বলে স্বর্ণা দাবি করেন। এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর আসামি যৌতুকের দাবিতে স্বর্ণাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার বাম হাত ভেঙে যায়।

/ইউআই/এমএনএইচ/