নাশকতার মামলা

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ মে




আইন আদালতরাজধানীর রমনা থানায় নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৫ মে। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত এ দিন ধার্য করেছেন।
বুধবার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজির হতে না পারায় তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করায় আদালত তা মঞ্জুর করে এই নতুন দিন ধার্য করেন।
অভিযোগপপত্র থেকে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ৫ আগস্ট আদালতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাশ মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।
/টিএইচ/এজে/