রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১২ জুন) কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৪ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ ছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী সড়কের পাশে অবস্থান করছিল। রাফিকে একা পেয়ে তারা তাকে থামানোর চেষ্টা করে।
প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।