রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফিরছিলেন।

শনিবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, শনিবার সকালে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন– মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮), মো. ইমন আলী খাঁন (১৯), মো. তাইবুর সাইফ (১৮), মো. ইয়াছিন আরাফাত আবির (২১), মো. সিফাত রহমান (১৯), ইয়াছিন আরাফাত নিহাদ (২০), মো. নাজমুল সরকার (১৯), মো. আবির হোসেন (২১), মো. তৌকির তারেক আয়াজ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৭)।

পুলিশ জানায়, গ্রেফতাকৃতরা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বনানী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।