নামাজ পড়ার অনুমতি নিয়ে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া নিজেকে বিএনপি নেতা দাবি করা গোলাম আজমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩-এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়।
ওই সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে।
এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনও সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে তিনি দল থেকে বহিষ্কৃত বলেও জানা যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছিলেন।
পল্টন থানার ওসি মোস্তফা কামাল জানান, আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেফতার করে।