এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে মমতাজের

একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রবিবার (২১ জুন) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে ওই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে।

আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে এসব মামলায় দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলার শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।