কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর এলাকায় ২০০৭ সালে সংঘটিত জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মোস্তফা জামাল ভূঁইয়া।
পরে তিনি সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ২৩ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান (২২) খুন হন। ঘটনার পরদিন তার বাবা বরজু মিয়া করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিরা হলেন—একই এলাকার রফিক, রাকিব, ছিদ্দিক, গোলাপ মিয়া, রনজু মিয়া, দুঃখু মিয়া, রিপন মিয়া ও রানু মিয়া।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৩ জুন কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী মামলার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন।
পরে ওই রায়ের বিরুদ্ধে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করার পাশাপাশি আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।