আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা। এ উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় চলছে নানা আনুষ্ঠানিকতা। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ইতোমধ্যে ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আশুরা ঘিরে হামলার কোনও শঙ্কা নেই। তবে আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে কমিশনার এসব কথা জানান।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট (ডগ স্কোয়াড) দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।
এছাড়াও যেকোনো পরিস্থিতিতে মোকাবেলায় স্টান্ডবাই আছে বিশেষায়িত ইউনিট। অনলাইন গুজব প্রতিরোধে বিশেষ বিশেষজ্ঞ টিম দ্বারা সাইবার পেট্রোলিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
তিনি জানান, এবারের আশুরা উপলক্ষ্যে ঢাকা মহানগরের ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলের প্রতিটির জন্য আলাদা রুট নির্ধারণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তাজিয়া মিছিলের দীর্ঘ পথ ও জমায়েতের কথা বিবেচনা করে আপদকালীন সময়ে ফায়ার ফাইটার বা ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হবে। পাশাপাশি, ধানমন্ডি লেক কারবালা সংলগ্ন জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ ডুবুরি দল মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
হোসেনী দালান, আঞ্জুমান হায়দারী, বড়কাটারা ইমামবাড়া, শিয়া মসজিদ, বিবিকা রওজা এবং মিরপুর ও মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এদিকে নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া-বকশিবাজার-আজিমপুর-নিউমার্কেট-জিগাতলা-সাতমসজিদ রোড হয়ে মোহাম্মদপুরের শিয়া মসজিদে শেষ হবে তাজিয়া মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তির এড়াতে শুক্রবার সকাল ১০টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের।
তাজিয়া মিছিল ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
এদিনের নির্দেশনা
হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট→হোসেনি দালান মোড়→বকশী বাজার মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→নল উমেশ দত্ত রোড→কারা সদর দপ্তর নতুন রাস্তা→চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়→চক বাজার মডেল থানা মোড়→চক-সার্কুলার রোড→চক বাজার শাহী মসজিদ→নূরাণী কোল্ড ড্রিংক্স→বেগম বাজার রোড→নাজিমুদ্দিন রোড→চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং→হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
নির্দেশনা অনুযায়ী, হোসেনি দালান ইমামবাড়া→চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং→নাজিমুদ্দিন রোড→জেল রোড→হাজী সেলিম টাওয়ার রোড→চক-সার্কুলার রোড→চক বাজার মডেল থানা মোড়→চক বাজার→থানার সামনে শাহী মসজিদ মোড়→কারা সদর দপ্তর নতুন রাস্তা→উমেশ দত্ত রোড→বকশি বাজার (কল পাড়) মোড়→বকশি বাজার লেন→হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।
আগামী শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
এর মধ্যে রয়েছে- হোসেনি দালান ইমামবাড়া→হোসেনি দালান রোড→বকশি বাজার লেন→আলিয়া মাদরাস মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→উমেশ দত্ত রোড→উর্দু রোড মোড়→হরনাথ ঘোষ রোড→লালবাগ চৌরাস্তা মোড়→গোর-এ-শহীদ মাজার মোড়→এতিমখানা মোড়→আজিমপুর চৌরাস্তা মোড়→ইডেন কলেজ→নিউমার্কেট মোড়→মিরপুর রোড→ঢাকা কলেজ→সাইন্স ল্যাব মোড়→ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড→বিজিবি ৪ নং গেট→সাত মসজিদ রোড→ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।
এসময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।