রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
দগ্ধ হওয়া ব্যাক্তিরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। দগ্ধদের ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, রাতের দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্র জানায়, দগ্ধদের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।