মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কী বলছে পুলিশ

রাজধানীর হাতিঝিলের আল-ফুরকান মসজিদ মাদ্রাসা থেকে তাহমিদুল ইসলাম (১০) নামে এক শিশু শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া এ তথ্য জানান।

সিরাজগঞ্জের তাড়াশের কাজীপুর গ্রামের মো. শাহিন রেজার ছেলে তাহমিদুল। মৃতের বাবা শাহিন রেজা পুলিশকে জানান, মাদ্রাসার ভেতরে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তাহমিদুলকে দেখতে পায় সহপাঠীসহ অন্যরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে রামপুরা ডিআইটি রোডের বেটার লাইফ হসপিটালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সুমন মিয়া জানান, রামপুরা ডিআইটি রোডরের বেটার লাইফ হসপিটালের জরুরি বিভাগ থেকে শনিবার দিবাগত রাত পোনে ২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট অবকাশ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।