রাজধানীর মিরপুর রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসার ফ্লাট থেকে দুহাত বাঁধা রক্তাক্ত অবস্থায় বিথী আক্তার (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ভবনটির তৃতীয় তলার একটি ফ্লাটের ভেতর থেকে মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপনগর থানার উপপরিদর্শক এসআই দিপক চন্দ্র নাথ।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই তরুণীর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা হত্যার পর বাইরে থেকে দরজা লক করে চলে গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই ফ্ল্যাটে আর কে থাকতো, কে আসছিল, মেয়েটি কী করতো- পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।