রাজধানী‌তে গৃহবধুর মর‌দেহ উদ্ধার, স্বামী আটক 

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোঁড়ানের বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়ে‌ছে। তি‌নি লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।  

শুক্রবার (১০ জুলাই) রা‌তে দক্ষিণ গোড়ান এলাকার বাসা থে‌কে সান‌জিদার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। প‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য মর‌দেহ ঢাকা‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) ম‌র্গে পাঠানো হয়।   

নিহ‌তের ভাই চান মিয়া জানান, রাত সাড়ে ৭টার দিকে বাসা থেকে সানজিদাকে ফোন করা হ‌লেও পাওয়া যায়‌নি। প‌রে তার স্বামী সাইফুলকে ফোন দিলে তি‌নি বাসায় গিয়ে সান‌জিদা‌কে দেখে আসতে ব‌লেন।  

প‌রে গোড়ানে তাদের ভাড়া বাসায় গিয়ে সানজিদাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ওই সময়ে তার স্বামী বাসায় ছিল না। এরপর পু‌লিশ‌কে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছেন।   

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহ‌তের গলায় কালো দাগ রয়েছে। তি‌নি কি আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে— তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এই ঘটনায় সান‌জিদার স্বামী সাইফুল‌কে ডেকে এনে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।  

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে সানজিদা। কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা সাইফুলের স্ত্রী।  

আট মাস আগে তারা বিয়ে করেন। তার স্বামী সাইফুল ফুড পান্ডায় চাকরি করেন। দক্ষিণ গোড়ান এলাকার একটি  ভাড়া বাসায় থাকতেন তারা।