রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুটি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ, এক হাজার ৭৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, দুই হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একাধিক যানবাহন জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জয়নাল (৪২), মো. সামিউল হক (৪৩), নুর ইসলাম সুরুজ (৪৪), মো. হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০), মো. রবিউল ইসলাম মুন্না (২৪) এবং মো. কাশেম (৩৫)।

ডিবির মিরপুর বিভাগ জানায়, সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় অস্ত্র ও মাদক বহনকারী দুটি প্রাইভেটকার রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে একটি গাড়ির চালক পুলিশের সংকেত অমান্য করে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে জয়নালকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে দুটি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ এবং ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময়ে অপর একটি প্রাইভেটকার থেকে আরও ৪৫০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অভিযান শেষে অস্ত্র ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিবির ভাষ্য, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় এস্কাফ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অস্ত্রধারী এস্কর্ট গাড়ি ব্যবহার করত। এ ঘটনায় দারুস সালাম থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে সোমবার সকাল সোয়া ১১টার দিকে ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম উত্তরা পূর্ব থানার আজমপুর বিডিআর বাজার ও সমবায় মার্কেটের সামনে অভিযান চালিয়ে এক হাজার ২০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ সামিউল হক, নুর ইসলাম সুরুজ ও হাফিজুর রহমান ওরফে লালমিয়াকে গ্রেফতার করে। এ সময় একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে, ডিবির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল রবিবার রাত ১১টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ সোহান চৌধুরী, রবিউল ইসলাম মুন্না ও কাশেমকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এক্স নোয়া (এক্স নোয়া) মডেলের গাড়ি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে বিভিন্ন পণ্যবাহী পার্সেলের আড়ালে ইয়াবা ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। ডিবির দাবি, সোহান চৌধুরীর বিরুদ্ধে কাফরুল ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।