আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 

ঢাকা মেট্রোরেলের মতিঝিল স্টেশনে একটি সক্রিয় ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বরত সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারত্বপূর্ণ পদক্ষেপের ফলে সম্ভাব্য এক বড় ধরনের নাশকতামূলক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় আইইডিটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। 

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টায়। মতিঝিল মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রোকনুজ্জামান একটি সন্দেহভাজন বস্তু দেখতে পান এবং এটি একটি সক্রিয় আইইডি হিসেবে শনাক্ত করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন।

ঘটনার সময় স্টেশন সংলগ্ন সড়ক দিয়ে একটি শোভাযাত্রা অতিক্রম করছিল। পরিস্থিতির তীব্রতা অনুধাবন করে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আশরাফুল এবং এপিসি মো. রোকনুজ্জামান দ্রুত তৎপর হয়ে ওঠেন। তারা উপস্থিত সাধারণ জনগণ ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের দ্রুত সতর্ক করেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেন। তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়া রোধ হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

পরবর্তী সময়ে স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি অত্যন্ত নিখুঁত ও নিরাপদ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উদ্ধারকৃত আইইডিটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুসমন্বিত পদক্ষেপের কারণেই এই বড় ধরনের নাশকতার অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষায় আগামীতেও আনসার বাহিনীর সদস্যরা এই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে জানানো হয়েছে।