রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রমজান চৌধুরী (২০)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) যাত্রাবাড়ীর ধোলাইরপাড় মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি নীল রঙের পিকআপে তল্লাশি চালিয়ে ২৮টি পলিথিনের প্যাকেটে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।