রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে গুলি, পিস্তল ও চাকুসহ পুলিশে সোপর্দ করেছেন স্থানীরা। তার নাম খোরশেদ আলম সোহেল (৪৫)।
রবিবার (২৬ জুলাই) খিলগাঁওয়ের নন্দিপাড়ায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ এ তথ্য জানান।
আহত ব্যবসায়ীর স্ত্রী তারিন জানান, খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ায় তাদের বাসা। তার স্বামীকে মব করে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
তিনি জানান, খোরশেদ ইট-বালু সাপ্লাইয়ের কাজ করেন। দীর্ঘদিন ধরে ওই এলাকার খোকন, কাওছার, মাসুম ও তাদের পরিবারের সঙ্গে ব্যবসায়ীক বিরোধ চলছিল। তারা এর আগে হুমকি দিয়েছিল। তারাই পরিকল্পিতভাবে খোরশেদকে পিটিয়ে আহত করে অস্ত্র দিয়ে পুলিশে দিয়েছে।
এএসআই মো. ইমরান শেখ বলেন, আমরা খবর পাই, নন্দিপাড়ায় আগ্নেয় অস্ত্রসহ একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। পরে সেখানে গিয়ে দেখতে পাই, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ৪০-৫০ জন মানুষ লোকটিকে ঘিরে রেখেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, লোকজনের দাবি, তার কাছে গুলি ভর্তি একটি দেশীয় পিস্তল ও চাকু পাওয়া গেছে। সেগুলো পরে আমাদের অন্য অফিসার জব্দ করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। বিষয়টি তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আহত ওই ব্যক্তির নামে থানায় কয়েকটি মামলা হয়েছে।