সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন আলোচিত মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শব্দটি বারবার আলোচনায় আসছে। অনেক সময় দেখা যায়, কোনও ব্যক্তি ইতোমধ্যে একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু পরে তার বিরুদ্ধে আরও একটি বা একাধিক মামলার তথ্য পাওয়া গেলে— তদন্তকারী সংস্থা তাকে নতুন সেই মামলায়ও গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালতের অনুমোদনের মাধ্যমে এই প্রক্রিয়াকেই সাধারণভাবে ‘গ্রেফতার প্রদর্শন’ বা শ্যোন অ্যারেস্ট বলা হয়।
আইনজীবীদের মতে, এটি নতুন করে শারীরিকভাবে কাউকে গ্রেফতার করার ঘটনা নয়, বরং যিনি ইতোমধ্যে আইনিভাবে হেফাজতে রয়েছেন, তাকে আরেকটি নির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হিসেবে রেকর্ডভুক্ত করার বিচারিক প্রক্রিয়া।
শ্যোন অ্যারেস্ট কী?
‘শ্যোন অ্যারেস্ট’ বাংলাদেশের কেবল কোনও আইনে সংজ্ঞায়িত পরিভাষা নয়— এটি মূলত বিচারিক ও তদন্ত কার্যক্রমে বহুল ব্যবহৃত একটি প্রচলিত আইনগত শব্দ। এর অর্থ হলো— কোনও ব্যক্তি অন্য একটি মামলায় কারাগারে বা আইনগত হেফাজতে থাকা অবস্থায় তাকে নতুন একটি মামলায় আদালতের অনুমতি নিয়ে গ্রেফতার হিসেবে দেখানো।
এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে আবেদন করেন। আদালত মামলার নথি, তদন্তের অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ বিবেচনা করে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করতে পারেন।
কেন শ্যোন অ্যারেস্টের প্রয়োজন হয়
কয়েকটি কারণে এই প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে— একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান থাকলে, তদন্তে নতুন তথ্য বা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে, নতুন মামলায় জিজ্ঞাসাবাদ বা রিমান্ডের প্রয়োজন হলে, বা ভবিষ্যতে বিচারিক কার্যক্রম আইনসম্মতভাবে পরিচালনার জন্য এই গ্রেফতারের প্রয়োজন হয়।
আইনি ভিত্তি
বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ -তে ‘শ্যোন অ্যারেস্ট’ শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও গ্রেফতার, রিমান্ড, আদালতে হাজির করা এবং বিচারিক হেফাজত- সম্পর্কিত বিভিন্ন বিধানের সমন্বিত প্রয়োগের মাধ্যমে এ প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে।
এছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৩ নাগরিকের আইনের আশ্রয় লাভ, ব্যক্তিস্বাধীনতা এবং গ্রেফতারকৃত ব্যক্তির মৌলিক অধিকার নিশ্চিত করেছে। ফলে কাউকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর ক্ষেত্রেও আদালতের অনুমোদন ও বিচারিক তত্ত্বাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্যোন অ্যারেস্টের পর কী হয়?
আদালত আবেদন মঞ্জুর করলে অভিযুক্তকে ওই মামলারও একজন গ্রেফতারকৃত ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন হলে রিমান্ডের আবেদন করতে পারেন, অথবা অভিযুক্ত বিচারিক হেফাজতেই থাকেন। অভিযুক্তের আইনজীবী এ সময় জামিনের আবেদন, শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ অথবা অন্যান্য আইনগত প্রতিকার চাইতে পারেন।
আদালতের ভূমিকা
আদালত কেবল তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণ করেই শ্যোন অ্যারেস্টের অনুমতি দেন না। এ ক্ষেত্রে আদালত বিভিন্ন বিষয় বিবেচনা করেন। যেমন- মামলার প্রাথমিক উপাদান রয়েছে কিনা, অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে কিনা, তদন্তের স্বার্থে গ্রেফতার দেখানো প্রয়োজন কিনা, বা অভিযুক্তের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে কিনা।
মানবাধিকার সংগঠন রাইজ ফর রাইটসের (আরআরএফ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ হাসান ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শ্যোন অ্যারেস্ট একটি বৈধ বিচারিক প্রক্রিয়া হলেও এর অপব্যবহারের সুযোগ যেন না থাকে, সে বিষয়ে আদালতের কঠোর নজরদারি প্রয়োজন। শ্যোন অ্যারেস্ট কোনও শাস্তি নয়, এটি কেবল তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার একটি ধাপ। তবে প্রতিটি ক্ষেত্রে আদালতের স্বাধীন বিচারিক মূল্যায়ন, আইনের যথাযথ অনুসরণ এবং অভিযুক্তের মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য।’’
‘‘আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যেমন অপরাধের সুষ্ঠু তদন্ত প্রয়োজন, তেমনই কোনও ব্যক্তিকে অযৌক্তিকভাবে একের পর এক মামলায় গ্রেফতার দেখানোর সুযোগ থাকা উচিত নয়’’, বলেও তিনি মন্তব্য করেন।