জুলাই আন্দোলন চলাকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। আদালত সেদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির স্থায়ী ঠিকানা অন্য জেলায় হওয়ায় তার পরিচয়-ঠিকানা যাচাই-বাছাই বাকি রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামি ও নির্দেশদাতাদের শনাক্ত এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তবে রিমান্ড আবেদন মঞ্জুর না করে আদালত এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানির সময় নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রূপের বাবা এ কে এম রকিবুল আহমেদ তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।