হাইকোর্টে একদিনে ৭৫৬৫ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন করে আরও ৭৫৬৫টি ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর ফলে এ বিশেষ উদ্যোগ শুরুর পর থেকে ১০ কর্মদিবসে মোট ৪৩৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে পুরোনো রিট মামলাসহ মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০,২৬৪টি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭,৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ কর্মদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩,৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৫০,২৬৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের অমীমাংসিত মামলা নিষ্পত্তির বিশেষ কর্মসূচি চলমান রয়েছে।

এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো— বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করা। এ লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে দীর্ঘদিনের অমীমাংসিত ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।