বিভিন্ন জেলায় সংযুক্ত হলেন ৫৬ শিক্ষানবিশ এএসপি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছরের মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে বাস্তব প্রশিক্ষণের জন্য ৫৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনে বলা হয়, এক বছরের মেয়াদি মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে এসব শিক্ষানবিশ এএসপিকে বর্তমানে কর্মরত ইউনিট পুলিশ সদর দফতর, ঢাকা (টিওআর পদে) থেকে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত করা হয়েছে। তারা সেখানে এক বছর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে মোট ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নাম, বিপি নম্বর, নিজ জেলা, বর্তমানে কর্মরত ইউনিট এবং বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত জেলার নাম উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণের জন্য বদলিকৃত ও সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতাদি বর্তমান ইউনিট থেকেই গ্রহণ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।