বায়তুল মোকাররম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা-পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো, রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।

ডিএমপির মতিঝিল জোনের ডিসি হারুন অর রশিদ জানান, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।