নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) প্রথম কর্মদিবসে আগামীকাল রবিবার (২ আগস্ট) সকাল ৮টার মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ নির্দেশনা দেন।
পোস্টে তিনি জানান, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতি ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এ উপলক্ষে তিনি নবনিযুক্ত সব আইন কর্মকর্তাকে অভিনন্দন জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, রবিবার নবনিযুক্তদের প্রথম কর্মদিবস। আদালতের কার্যক্রম প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শুরু হয়। তাই রাষ্ট্রের পক্ষে আদালতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব ডিএজি ও এএজিকে সকাল ৮টার মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।
তিনি জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন। এ কারণে শনিবার অন্য দিনের মতো কার্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি জেনেছেন, নিয়োগপ্রাপ্ত অনেক আইন কর্মকর্তা নিজ উদ্যোগে শনিবারই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হয়েছেন।
নবনিযুক্তদের এই কর্মস্পৃহা ও দায়িত্ববোধের প্রশংসা করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তাদের এই আন্তরিকতা তাকে অনুপ্রাণিত করেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রকে আরও কার্যকর, দক্ষ ও মানসম্মত আইনি সেবা দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি নবনিযুক্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পেশাগত জীবনের সফলতা কামনা করেন।