ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবারও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। এই সময় ১৯ হাজার পিস তৈরি ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ নাসির (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, “দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার সাবান ফ্যাক্টরি মদিনানগরে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় পরিচালিত কারখানাটি ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে রঙ তৈরির কারখানার আড়ালে ইয়াবা উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে নাসির ও তার সহযোগীরা সেখানে ইয়াবা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।”
র্যাব জানায়, রবিবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মদিনানগরের ওই কারখানায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে কারখানা থেকে ১৯ হাজার পিস তৈরি ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান আরও বলেন, “নাসির একজন দক্ষ ইয়াবা প্রস্তুতকারক ও কেমিস্ট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”
তিনি জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় র্যাব-১০ একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। ওই অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়েছিল।