জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে

ফেসবুকে জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ বলে পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় রোহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন। তিনি ভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় তার পরিচয়-ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

এসআই বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রোহান ৫ আগস্ট ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টকে কেন্দ্র করে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন সম্পর্কে বিরূপ ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে সহিংসতায় উসকানি দেওয়া এবং জননিরাপত্তা ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।