আলিয়া মাদ্রাসার পাশ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

শনিবার (৮ আগস্ট) বিকেলের দিকে আল্লামা কাশগরী (রহ.) হল সংলগ্ন মূল রাস্তার পাশে বস্তুটি পড়ে ছিল। দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ডিএমপির লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু রাস্তায় পড়ে থাকতে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, সেটি তেমন কিছুই নয়। পরে সেটি ডিস্পোজাল করা হয়।

এদিকে বোমার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপদ স্থানে সরে যান তারা। এছাড়া সড়কটিও বন্ধ করে দেয় পুলিশ। বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।