ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ০০:৪৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০০:৪৭

জীবনরক্ষাকারী ও অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ওষুধ বিক্রি, জমির দলিল নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি হাসপাতালে রোগী হয়রানি ও চিকিৎসা সরঞ্জাম অচল ফেলে রাখা এবং সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ, সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ এবং সরেজমিনে তথ্য যাচাই করা হয়। এর মধ্যে পাবনা সদর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

অভিযান শেষে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে কমিশনে পৃথক প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

ওষুধের কৃত্রিম সংকটের অভিযোগে ঔষধ প্রশাসনে অভিযান

বাজারে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সাধারণ ওষুধের পরিবর্তে বেশি দামের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রির অভিযোগে ঔষধ প্রশাসন অধিদফতরে অভিযান চালিয়েছে দুদক।

অভিযোগে বলা হয়, অত্যাবশ্যকীয় ওষুধ দুষ্প্রাপ্য করে বেশি দামের বিকল্প ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঔষধ প্রশাসন অধিদফতরে অভিযান চালায়।

এ সময় অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয়। এসব তথ্য ও নথি পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তানজির আহমেদ।

পাবনায় দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

পাবনা সদর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ও নকল উত্তোলনের নামে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা দলিল লেখকদের সেরেস্তা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ ও কার্যালয়ের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।

এ সময় সেবাগ্রহীতাদের বক্তব্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাদের অভিযোগ, দলিল নিবন্ধনের ক্ষেত্রে ‘দলিল লেখক সমিতি’র নামে সরকার নির্ধারিত ফির বাইরে জনপ্রতি দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন দলিল লেখকরা।

সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম।

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান

রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল ফেলে রেখে সরকারি অর্থের অপচয় এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।

দুদকের জেলা কার্যালয়, দিনাজপুর থেকে পরিচালিত এ অভিযানে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের সেবাব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রমে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।

পরে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। তারা অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

নেত্রকোনায় সাত কিলোমিটার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা বাইপাস সড়কের প্রায় সাত কিলোমিটার সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কার্যাদেশ ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে পরিচালিত এ অভিযানে নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। এ সময় একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়।

এ ছাড়া সংস্কারকাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।

তানজির আহমেদ জানান, নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি মতামত এবং সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
ঘটা করে উচ্ছেদ অভিযান, সপ্তাহ না পেরোতেই আগের রূপে গুলিস্তান
সর্বশেষ খবর
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন