রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার (৯ আগস্ট) সকালে গুলবাগের বাসা থেকে স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই ওবায়দুল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বপ্নাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রুবেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই স্বপ্না ও রুবেল গুলবাগের ওই বাসায় ভাড়া ওঠেন। আশপাশের বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, শনিবার রাতে এবং রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুবেল তার স্ত্রীকে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত স্বপ্নার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। তার স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সান্দিয়া এলাকায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।